রাকসুর তফসিল ঘোষণার দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নিয়ে প্রশাসনের টালবাহানার প্রতিবাদ এবং রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও বাস্তবায়নে এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স’র (রুসা) ব্যানারে এ কর্মসূচি পালন শুরু করা হয়।

পরে তারা দুপুর ১২টার দিকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। দুপুর ২টা পর্যন্ত নিজেদের দাবিতে অনড় ছিলেন বলে জানা গেছে।

এ সময় ‘রাকসু আমার অধিকার, না দিলে তুই গদি ছাড়’, ‘সব দফার এক দফা, রাকসু রাকসু’, ‘রাকসু রাকসু রাকসু চাই, রাকসু ছাড়া মুক্তি নাই’, ‘এক দফা এক দাবি, রাকসু রাকসু’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না আজাদি, আজাদি আজাদি’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।

আন্দোলনকারীদের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাবির সাবেক সমন্বয়ক ও রুসা’র অন্যতম সংগঠক মেহেদী সজীব বলেন, গণঅভ্যুত্থানের এক বছর পার হয়ে গেছে। যখন এই প্রশাসন দায়িত্ব নিয়েছিল, তখন আমাদের বলেছিল, পাঁচ মাসের ভেতরেই রাকসু নির্বাচন দেবে। কিন্তু দায়িত্ব নেওয়ার এক বছর পার হয়ে গেলেও, নয় দফার এক দফা, রাকসুর তফসিল এখনও দেখতে পাইনি। ২৩ জুন নির্বাচন হওয়ার কথা ছিল, পরে দেখলাম ৩০ জুন তফসিল ঘোষণার কথা, কিন্তু আজকে ২১ দিন কেটে গেলো। এখন পর্যন্ত তফসিল ঘোষণা করা হয়নি। আমাদের এই দাবি না মানলে আমরা তীব্র থেকে তীব্র আন্দোলনে যাবো।

শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, রাকসু অবশ্যই শিক্ষার্থীদের অধিকার। আমার গতকালকেও নির্বাচন কমিশনের সঙ্গে কথা হয়েছে। তারা কিছু কিছু বিষয় নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছে। সেগুলো অচিরেই কেটে যাবে। রাকসু দেরি হচ্ছে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। আমরা দ্রুত করার চেষ্টা করছি।

অবস্থান কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাবির সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব, সাবেক সহ-সমন্বয়ক ফাহিম রেজা-সহ বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত রয়েছেন।