জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তুলেছে জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভোটগ্রহণ শেষে ক্যাম্পাসের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলটির প্রার্থীরা এসব অভিযোগ করেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ভোটগ্রহণ শেষে ক্যাম্পাসের ভাষা শহিদ রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী কিশোর সাম্য অভিযোগ করে বলেন, “নির্বাচন কমিশন এই নির্বাচনে চরম পক্ষপাতমূলক আচরণ করেছে। প্রশাসনের শিক্ষকদের একটি অংশ ছাত্রদল ও অন্য একটি অংশ শিবিরের প্যানেলের পক্ষে সরাসরি কাজ করেছেন। যা বিশ্ববিদ্যালয়ের অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।”
ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সাম্য আরও বলেন, “ভোটারদের হাতে যে কালি দেওয়া হয়েছে, তা কিছু সময় পরেই উঠে গেছে। এটি নির্বাচনের গ্রহণযোগ্যতাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে।”
একই সংবাদ সম্মেলনে প্যানেলের জিএস প্রার্থী ফয়সল মুরাদ বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে বলেন, “নির্বাচন চলাকালীন আমরা একাধিক অনিয়মের অভিযোগ জানালেও কমিশন ছিল নির্বিকার। ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের পোলিং এজেন্টরা নিজ নিজ বুথ থেকে ভোটার স্লিপ বিতরণ করলেও আমাদের সেই সুযোগ দেওয়া হয়নি।”
তিনি আরও দাবি করেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের ভেতরে দুটি পৃথক বলয় সক্রিয় ছিল। এক পক্ষ ছাত্রদলকে এবং অন্য পক্ষ ছাত্রশিবিরকে বিশেষ সুবিধা দিয়েছে। ফলে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচন উৎসবের পরিবর্তে ম্লান হয়ে গেছে।”
উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রথমবার জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।