জবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক শাওলী মাহবুব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাওলী মাহবুব। রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে ৭ জুলাই সামাজিক বিজ্ঞান অনুষদদের ডিন হিসেবে নিয়োগ পান অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আইনুল ইসলাম। গত ১৬ জুলাই সমাজবিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীদের একাংশ তাকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করে ডিন পদ থেকে অপসারণের দাবি জানান। কর্মসূচির এক পর্যায়ে শিক্ষার্থীদের চাপের মুখে তিনি ডিন কার্যালয় ত্যাগ করেন। এরপর তিনি ডিনের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর রবিবার (১৯ জুলাই) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাওলী মাহবুবকে নতুন ডিন নিযুক্ত করা হয়।

অফিস আদেশে বলা হয়, ২০০৫ এর ২২(৫) ধারা অনুযায়ী সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাওলী মাহবুবকে পরবর্তী দুই বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী ২০ জুলাই থেকে এ আদেশ কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।