শিল্প ও শিক্ষার মধ্যে সেতুবন্ধন গড়তে অস্টটার’র উদ্যোগে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’

আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেক্সটাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশন (অস্টটা) শিল্প ও শিক্ষার মধ্যে সেতুবন্ধন গড়তে  ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ উদ্যোগের যাত্রা শুরু করেছে।

গত শনিবার (১ আগস্ট) ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার – বিয়ন্ড দ্য ক্লাসরুম’ শীর্ষক একটি দিনব্যাপী ইন্ডাস্ট্রি রেডিনেস প্রোগ্রামের উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের পাঠ্যজ্ঞান এবং বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক (আরএমজি) শিল্পের বাস্তব কর্মপরিবেশের মধ্যে বিদ্যমান ব্যবধান দূর করা।

অস্টটার ক্যাম্পাসের এম. এইচ. খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জন্য বাস্তব শিল্পজ্ঞান, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, পেশাগত মানসিকতা এবং কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন পরিচালিত হয়।

অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিল টেক্স হিউ লিমিটেড, কো-স্পন্সর ছিল এফসিএল, এবং ইন্ডাস্ট্রি নলেজ পার্টনার হিসেবে যুক্ত ছিল অ্যাপারেল টাইমস বিডি (এটিবিডি), যারা শিল্পভিত্তিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগে অংশীদার হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক। তিনি বলেন, ‘‘বর্তমান বৈশ্বিক পোশাক শিল্পে সফল হতে হলে একজন প্রকৌশলীর শুধু প্রযুক্তিগত জ্ঞানই নয়, পেশাদারিত্ব, অভিযোজন ক্ষমতা এবং বাস্তব সমস্যা সমাধানের দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ।’’

অনুষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ফয়জুর রহমানও শিক্ষার্থীদের শিল্প-প্রস্তুতি বৃদ্ধিতে অস্টটার ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করেন।

অস্টটার সাধারণ সম্পাদক এবং টেক্স হিউ অ্যান্ড অ্যাবমর লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর মোরশেদ আল আজিম বলেন, ‘‘আমাদের লক্ষ্য শুধু সফল গ্র্যাজুয়েট তৈরি করা নয়; এমন পেশাজীবী তৈরি করা, যারা প্রথম দিন থেকেই শিল্পে মূল্য সংযোজন করতে পারবে। ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ আমাদের দীর্ঘমেয়াদি উদ্যোগের অন্যতম ভিত্তি হয়ে থাকবে।”

পাঠ্যবইয়ের বাইরে বাস্তব শিল্পজ্ঞান

প্রচলিত সেমিনারের বাইরে গিয়ে এই কর্মসূচিতে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয় শিল্পের বাস্তব চিত্র এবং কর্মজীবনের দৈনন্দিন চ্যালেঞ্জ।

বিষয়গুলোর মধ্যে ছিল—বাংলাদেশের আরএমজি শিল্প ও বৈশ্বিক সাপ্লাই চেইন; স্পিনিং, নিটিং, উইভিং, ডাইং, প্রিন্টিং ও গার্মেন্টস উৎপাদন; মার্চেন্ডাইজিং ও সোর্সিং কার্যক্রম; কমার্শিয়াল ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট; পেশাগত যোগাযোগ ও স্টেকহোল্ডার ব্যবস্থাপনা; ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির প্রস্তুতি ও ইন্টারভিউ কৌশল।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন—জার্মান ব্র্যান্ড লিয়াজোঁ অফিসের মার্চেন্ডাইজিং ম্যানেজার সাকিব সারোয়ার, ইশো লিমিটেড (ডেকো ইশো গ্রুপ) এর হেড অব হিউম্যান রিসোর্সেস এম. এম. এ. ইয়াসিন, ব্র্যান্ড লিয়াজোঁ অফিসের প্রজেক্ট লিড কামরুজ্জামান রিয়েল, ব্র্যান্ড লিয়াজোঁ অফিসের কান্ট্রি ম্যানেজার ইমরান খান, অ্যাপেক্স হোল্ডিংস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ডাইং) গোলাম সারওয়ার আনিক।

অস্টটার টেক্সটাইল সোসাইটির সহ-সভাপতি ফারহাদুজ্জামান নায়ন, অধ্যাপক ড. মো. আশরাফুল হক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট অব পার্টিসিপেশন তুলে দেন।