ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার বরাদ্দকৃত সিটও বাতিল করা হয়েছে।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজকে ৬ আগস্ট ২০২৬ থেকে আগামী ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে যমুনা ব্লকের ৯০০৫ (সি-২) নম্বর কক্ষের তার বরাদ্দকৃত সিট বাতিল করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের অতিথি কক্ষ-সংলগ্ন ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে আবাসিক শিক্ষার্থী আহমেদ শাহরিয়ার নীড়ের সঙ্গে তার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নীড় টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং যমুনা ব্লকের ৪০০৬ (সি-২) নম্বর কক্ষে অবস্থান করতেন।
এতে আরও বলা হয়, ঘটনার পর হল প্রশাসন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে আব্দুল্লাহ আল মাহফুজের সংশ্লিষ্টতার সত্যতা পাওয়া গেছে।
হল প্রশাসনের জানায়, মাহফুজের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় ও হলের শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।