জবির প্রক্টরের দায়িত্বে অধ্যাপক ড. আজম খান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খানকে প্রতিষ্ঠানটির প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। জবি প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন অসুস্থতা ও চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাওয়ায় তার অনুপস্থিতিকালে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের বিদেশে চিকিৎসার জন্য গমনের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. আজম খানকে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, আগামী ১২ আগস্ট থেকে এ দায়িত্ব কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অধ্যাপক ড. আজম খান বর্তমানে অর্থনীতি বিভাগে কর্মরত রয়েছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।

নতুন প্রক্টর হওয়ার বিষয়ে অধ্যাপক ড. আজম খান বলেন, ‘আমাকে এক প্রকার জোর করে এ পদে  দেওয়া হয়েছে। বর্তমান প্রক্টর অসুস্থ থাকায় আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি প্রক্টর হিসেবে বেশি দিন থাকবো না।’