স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বনদক্ষিণ বাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে মানিকগঞ্জগামী বিশ্ববিদ্যালয়ের ‘কালীগঙ্গা’ বাসটি সিংগাইরের বনদক্ষিণ বাজার এলাকায় গেলে স্থানীয়দের হামলার শিকার হয়।
জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বাসে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি, ড্রাইভারসহ অনেকেই আহত হয়েছেন। একজন শিক্ষার্থীর মাথা ফেটেছে, আরও অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জবির পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, বনদক্ষিণ বাজারে আমাদের একটি গাড়ির ওপর হামলার ঘটনা ঘটেছে। এর আগে গাড়িটি ওই এলাকার এক অটোরিকশাচালকের সঙ্গে তর্কে জড়িয়েছিল। আমাদের শিক্ষার্থীরা নেমে সম্ভবত অটোরিকশাচালককে ধাক্কা দিয়েছে। এরপর কী হয়েছে, বিস্তারিত এখনও জানতে পারিনি। তবে পরে স্থানীয় লোকজন গাড়িতে হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, যে গাড়িতে হামলা হয়েছে, সেটির নাম কালীগঙ্গা। এটি মানিকগঞ্জে যায়। সেখানে প্রায় ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের গুরুতর আহত হওয়ার কথা জানতে পেরেছি। আমি ঘটনাস্থল দেখতে যাচ্ছি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, সিংগাইর সড়কে একটি দুর্ঘটনা ঘটেছে। তবে জবির বাসটি এর সঙ্গে জড়িত নয় বলে নিশ্চিত হয়েছি। স্থানীয়রা ওই ঘটনায় বাসটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা হয়তো মনে করেছে, এ ঘটনায় বাসটি জড়িত।
তিনি আরও বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা মামলা করলে তা নেওয়া হবে।









