দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিদিন দুই ঘণ্টা লোডশেডিং হবে।

রবিবার রাতে (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় চাহিদার তুলনায় সরবরাহে ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন মোট দুই ঘণ্টা সাময়িক লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টা এবং বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের প্রধান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. নাজমুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।