নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিন (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্বানুমতি ছাড়া যেসব শিক্ষক ওই দিন ক্লাস নেননি, তাদের নামের তালিকা জমা দিতে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনও কোনও বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষক ক্লাস নেননি, তাদের নামের তালিকা ১১ নভেম্বর বিকাল ৪টার মধ্যে রেজিস্ট্রারের কাছে পাঠাতে হবে।
এ নির্দেশনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের চিঠি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, অফিস-আদালত ও দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়ে ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধ ছাত্রলীগ। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ আট দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ক্লাসে উপস্থিত হননি বলে অভিযোগ ওঠে।
এদিকে ১০ নভেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কলাভবনের পাশের শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে এসব বিস্ফোরণ ঘটে। এতে সোহেল (৩৬) নামে এক প্রাইভেটকারচালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এর আগে আরও দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।