ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয় ছাড়ছেন আট চীনা শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন ইতোমধ্যে চীনে ফিরে গেছেন। বাকি ছয়জন আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা ছাড়বেন। আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে বাংলা ভাষা ও সংস্কৃতিবিষয়ক একটি বিশেষ কোর্সে অংশ নিতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। নভেম্বরের শেষ দিকে কোর্স ও পরীক্ষা শেষ করে তাদের দেশে ফেরার কথা ছিল।
বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম এ কাউসার বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের ওই আট শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে বাংলা ভাষা শেখার কোর্সে অংশ নিতে এসেছিলেন। ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় তারা ও তাদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে নিজ বিশ্ববিদ্যালয়ের পরামর্শে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা।
অধ্যাপক এম এ কাউসার বলেন, ‘তারা আটজনই চীনের একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা শেষ করে তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন হয়ে তারা আগেভাগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আটজনের মধ্যে দুজন ইতোমধ্যে চলে গেছেন। বাকি ছয়জনও দেশে ফেরার টিকিট নিশ্চিত করেছেন।’
ককটেল বিস্ফোরণের দিনের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘বিস্ফোরণের সময় ওই বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী ঘটনাস্থলের আশপাশ দিয়ে যাচ্ছিলেন। তারা ঘটনাটি প্রত্যক্ষ করার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েন। মূলত ওই ঘটনার পর থেকেই তাদের মধ্যে দেশে ফেরার তাগিদ তৈরি হয়।’
তিনি আরও জানান, দেশে ফিরে শিক্ষার্থীরা তাঁদের নিজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কোর্সের বাকি পরীক্ষায় অংশ নেবেন। এদিকে হলের অন্য বিদেশি শিক্ষার্থীদের সঙ্গেও গতকাল বুধবার বিকেলে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। তারা আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বিদেশি শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখানোর বিশেষ কোর্স রয়েছে। এর আওতায় চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পান। ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চীনের দুটি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জন, ২০২৫ সালে তিনটি বিশ্ববিদ্যালয় থেকে ১৯ জন এবং ২০২৬ সালে চারটি বিশ্ববিদ্যালয় থেকে ২৬ জন শিক্ষার্থী এ কোর্সে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের শিক্ষার্থীরাও রয়েছেন।
এদিকে গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাসের ছয়টি স্থানে অন্তত আটটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরদিন সোমবার (৯ নভেম্বর) টিএসসি এলাকায় আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ আহত না হলেও ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একজন আহত হন। একই দিন কলা ভবনের পাশের শ্যাডো এলাকাতেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।