বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ২০ টাকায় বই বিক্রির আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শুভোদয়’। শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করা এবং জ্ঞানচর্চার প্রসারে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি বইয়ের সঙ্গে একটি করে গাছ উপহার দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ কর্মসূচি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ পাঠক ও সাধারণ শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। বৃষ্টির মধ্যেও কর্মসূচিতে অংশ নেন অনেকে।
আয়োজক সংগঠনটির প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল বলেন, প্রথাগত রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে তরুণ প্রজন্মের মেধা ও মনন বিকাশে কিছু করার লক্ষ্য থেকেই এ আয়োজন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর জন্মদিন স্মরণীয় করে রাখতে ২০ নভেম্বরকে প্রতীকী ধরে ২০ টাকায় শিক্ষার্থীদের উপযোগী বই বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উপহার দেওয়া হচ্ছে পরিবেশবান্ধব গাছ।
তিনি বলেন, বর্তমান ছাত্রসমাজের মধ্যে ইতিহাসের সঠিক তথ্য জানা এবং বই পড়ার অভ্যাস তৈরি করা জরুরি। এটি শুভোদয়ের দ্বিতীয় বর্ষের আয়োজন। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়ে তিনি আনন্দিত। ভবিষ্যতেও সংগঠনটি সমাজ গঠনমূলক কাজ অব্যাহত রাখবে।
আয়োজক জাহিদ শাকিল জানান, নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করা, জ্ঞানের আলো বিস্তৃত করা এবং ইতিহাসের সঠিক তথ্য ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।