ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শনিবার সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
এর আগে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় গার্ড অব অনার দেওয়া হয় শেখ হাসিনাকে। রাষ্ট্রপতি ভবনের এই অনুষ্ঠানের পর রাজঘাটে যান শেখ হাসিনা।
এরপর হায়াদরাবাদ হাউজে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন শেখ হাসিনা ও মোদি। সেখানে দুই দেশের মধ্যে ৩০টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা।
এর আগে শুক্রবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে দিল্লিতে পালাম স্টেশন বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রটোকল ভেঙে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান।
শনিবার বিকালে মহান মু্ক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধে নিহত ৭ শহীদ ভারতীয় সেনা পরিবারকে আনুষ্ঠানিকভাবে সম্মাননাপত্র প্রদান করবেন। এ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীও উপস্থিত থাকবেন। শনিবার সকালে মোদি এক টুইটে একথা জানিয়েছেন।
ছবি: ফোকাস বাংলা।
/এসটি/
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর দিল্লি সফর: সামরিক সহযোগিতার নতুন অধ্যায় শুরু
পানি বণ্টন নিয়ে বিরোধ থাকবে কেন: শেখ হাসিনা
মোদির সঙ্গে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের সেলফি ঝড়!