গুলশানের হলি আর্টিজান বেকারিতে অভিযানে নিহত ৫ জঙ্গির ময়না তদন্ত প্রতিবেদন আজ শনিবার পুলিশের কাছে হস্তান্তর করবে ঢাকা মেডিক্যালের ফরেনসিক বিভাগ। দুপুরে প্রতিবেদন হস্তান্তর করা হবে।
ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ বেলা ১২টা নাগাদ নিহত ৫ জঙ্গির ময়না তদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হবে।’
এর আগে চলতি বছরের ১৯ জুন হলি আর্টিজানে হামলায় নিহত ২০ জনের ময়না তদন্ত প্রতিবেদন দেওয়া হয়। কিন্তু যৌথ অভিযানে নিহত ৬ জনের ময়না তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি।
তবে বাকি ৬ জনের মধ্যে কোন ৫ জনের প্রতিবেদন দেওয়া হবে তা জানাননি ডা. সোহেল মাহমুদ।
হলি আর্টিজানে হামলার তদন্ত পূর্ণাঙ্গরূপে শেষ করতে এ প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছিলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম।
প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে নিহত হয় তিন বাংলাদেশি নাগরিকসহ ২০ জন। অন্যদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানের এবং একজন ভারতীয়। এছাড়া জঙ্গিদের হামলার শুরুতেই দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। রেস্তোরাঁর ভেতরে রাতভর জিম্মি ছিলেন অন্তত ২৪ জন, যাদের প্রায় ১১ ঘণ্টা পর পরদিন সকালে সেনা কমান্ডো পরিচালিত ‘অপারেশন থান্ডার বোল্টে’র সময় উদ্ধার করা হয়। এছাড়া রাতের বিভিন্ন সময় উদ্ধার করা হয় আরও অন্তত ৭ জনকে। অপারেশন থান্ডার বোল্টের পর রেস্তোরাঁ থেকে ৫ জঙ্গিসহ ৬ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া পালাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক রেস্তোরাঁকর্মী। এ ঘটনায় গুলশান থানায় দায়ের হওয়া মামলাটি কাউন্টার টেরোরিজম ইউনিট তদন্ত করছে।
/আরজে/এসটি/
আরও পড়ুন:
হলি আর্টিজান কেন বেছে নিয়েছিল জঙ্গিরা?
হামলার পরিকল্পনা রাজশাহীতে, কৌশল নির্ধারণ গাইবান্ধায়, চূড়ান্ত অপারেশন প্ল্যান ঢাকায়
অবিন্তা নেই, বেঁচে আছে তার স্বপ্ন
তুমি কোথায়, গুলশানে জঙ্গি হামলা!
দুর্বিসহ স্মৃতি নিয়ে বেঁচে আছেন তারা
‘হয় আমি মরবো, না হয় ওদের মারবো’
এসি রবিউলের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত
শরীরে স্প্লিন্টার নিয়ে বেঁচে আছেন এডিসি আব্দুল আহাদ
গুলশান হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠান নিয়ে দূতাবাসগুলোয় সতর্কতা