কোনও দল নির্বাচনে না আসলে কিছু করার নেই: নাসিম





মোহাম্মদ নাসিম (ছবি- সংগৃহীত)

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘কোনও দল নির্বাচনে না আসলে আমাদের কিছু করার নেই। আগামী নির্বাচনে অংশগ্রহণকারী দলের কোনও অভাব হবে না।’
সোমবার (২৭ আগস্ট) বিকালে জাতীয় প্রেস ক্লাবে শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এ আলোচনাসভার আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী নির্বাচনে অংশগ্রহণকারী দলের কোনও অভাব হবে না। আমরা চাই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু কোনও দল নির্বাচনে না আসলে তো আমাদের কিছু করার নেই।’
ষড়যন্ত্রের পথ পরিহার করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন সঠিক সময়েই হবে এবং অনেক রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করবে। কোনও ষড়যন্ত্র সফল হবে না।’
বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম মওলা নকশেবন্দি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ভারপ্রাপ্ত মহাসচিব সোলায়মান ফরিদ প্রমুখ বক্তব্য রাখেন।