নির্বাচন ইনশাল্লাহ হবে: প্রধানমন্ত্রী

সংবাব সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিভিন্ন মহলের সংশয়-সন্দেহের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইলেকশন ইনশাল্লাহ হবে। জনগণ সঙ্গে থাকলে ইলেকশন কেউ ঠেকাতে পারবে না। তিনি জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে তাতে কোনও সন্দেহ নেই।

রবিবার (২ সেপ্টেম্বর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিমসটেক সম্মেলন শেষে এর গুরুত্ব তুলে ধরতে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী।

ড. কামাল হোসেন, বি. চৌধুরী—তাদের জোট গঠনকে সাধুবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘তাদের এই উদ্যোগ, ঐক্যকে সাধুবাদ জানাই। ঐক্য হোক, একসঙ্গে হয়ে ভোটটা করুক। বিকল্প একটা জোট থাকুক।’

নির্বাচন হবে না—ড. কামাল হোসেনের এমন সন্দেহের জবাবে শেখ হাসিনা বলেন, ‘ড. কামাল হোসেনের কাছে প্রশ্ন তারা বা তিনি আদৌ নির্বাচন চান কিনা।’ প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি যদি গরম বক্তৃতা দেন, ধরে নিতে হবে তার প্লেন রেডি।’

আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের ওপর আমার আস্থা-বিশ্বাস আছে। আমার কোনও আকাঙ্ক্ষা নেই। জনগণ যদি উন্নতি চায়, কল্যাণ চায়, নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আমাকে জয়যুক্ত করবে। তবে আমি এটুকু মনে করি, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে সুদিন আসবে না, আসবে দুর্দিন। এটা আমি নিশ্চিত।’

শেখ হাসিনা বলেন, ‘জনগণ আমাকে না চাইলে আমার কোনও দুঃখ নাই। ক্ষমতায় থেকে কাজ করেছি জনগণের জন্যে, জনগণ ভোট দিলে দেবে, না দিলে কিছু করার নাই।’