শেখ হাসিনা সরকার নারীদের মর্যাদাশীল করেছে: মেনন





রাশেদ খান মেনন

সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশের প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও রাজনীতিসহ সব ক্ষেত্রেই শেখ হাসিনা সরকার নারীদের সত্যিকার অর্থেই ক্ষমতায়িত করেছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মতিঝিল থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘আমাদের নারীরা এখন শিক্ষাক্ষেত্রে ছেলেদের থেকেও ভালো করছে। চাকরি করে মা-বাবার সংসার চালাচ্ছেন, খেলাধুলায় চ্যাম্পিয়ন হচ্ছেন, দেশকে গৌরব দান করছেন। জেলায় জেলায় মেয়েরা এখন ডিসি-এসপি হচ্ছেন। শেখ হাসিনা সরকার নারীদের মাতৃত্বকালীন ছুটি করেছে ছয় মাস। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পীকার, সংসদ উপনেতা সবাই নারী। যেখানে বিএনপি-জামায়াত জোট নারীদের চার দেয়ালে বন্দি রাখতে চাইতো, জামায়াত নেতারা যেখানে মেয়েদের সরকারি চাকরি করা নিয়ে হাসিতামাশা করতো, সেখানে শেখ হাসিনা সরকার নারীদের সব ক্ষেত্রেই উত্তোরোত্তর শক্তিশালী করেছে, মর্যাদাশীল করছে।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘নারীরা এখন আর মা-বাবার বোঝা নন। নারীরাই এখন আয় করে স্বাবলম্বী হয়ে সংসার চালাচ্ছেন। আর এর সবকিছুই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই। কাজেই আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে আমাদের মা-বোনদের শুধু ভোট দিলেই হবে না, ভোট চাইতেও হবে।’
মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বসিরুল হক খান বাবুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান মিয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তাহমিনা সুলতানা, সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর মিনু রহমান, ৮ নম্বর ওয়ার্ডের নারীনেত্রী কোহিনুর বেগম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মতিঝিল থানা সম্পাদক মোর্শেদা প্রমুখ।