প্রধানমন্ত্রী বলেন, ‘হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করুন। কর্মক্ষেত্রে ডাক্তারকে পাওয়া না গেলে সঙ্গে সঙ্গে ওএসডি করতে হবে। আমার নির্দেশ, আজ থেকে যে হাসপাতালে যে ডাক্তারকে পাওয়া যাবে না সঙ্গে সঙ্গে তাকে ওএসডি করতে হবে। পরেরটা পরে দেখা যাবে।’
তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করুন। চিকিৎসকদের ইন্টার্নশিপ এখন থেকে দুই বছর করতে হবে। এরমধ্যে এক বছর অবশ্যই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করতে হবে। বেসরকারি হাসপাতালগুলোর ওপর নজরদারি করতে হবে।’
রবিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।