শনিবার (৩০ মার্চ) গুলশান ১ নম্বর ডিএনসিসি কাঁচাবাজার ও সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
ফায়ার সার্ভিসের জরিপ অনুযায়ী ঢাকার বেশিরভাগ ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা শুধু গুলশান বনানী নয়, ঢাকা শহরের যে কোনও স্থানে যদি অপরিকল্পিতভাবে ইমারত নির্মিত হয়ে থাকে, অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থেকে থাকে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবো। ভবন তৈরির অনিয়মের সঙ্গে যারাই জড়িত হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মালিক হোক, ডেভেলপার হোক, এমনকি রাজউকের কোনও লোক জড়িত থাকলে কঠিন পরিস্থিতির মুখোমুখি তাদের হতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে কোনও সহায়তা করা হবে কিনা- জানতে চাইলে রেজাউল করিম বলেন, ‘সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হবে।’
তিনি বলেন, ‘কোনও দুর্ঘটনাকে আমরা ছোট করে দেখতে চাই না। আমরা তা খতিয়ে দেখে গভীরে যেতে চাই। এখানে যারা ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হওয়া মানে দেশ ক্ষতিগ্রস্ত হওয়া। আমরা ক্ষতিগ্রস্তদের প্রতি সংবেদনশীল।’
ডিএনসিসি’র কাঁচাবাজারটি পরিকল্পিত ভবন নয় এবং এখানে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে স্থাপনা নির্মাণ করে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা করেছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘এখানে বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য ব্যবস্থা সেই অনুযায়ী নেই। এটা কিন্তু দীর্ঘদিনের জঞ্জাল। আমরা চেষ্টা করছি পূর্বাচল ঝিলমিলসহ নতুন যে শহরগুলো হচ্ছে সেখানে পরিকল্পনার বাইরে কোনও স্থাপনা না হতে দেওয়ার। এখানে স্থানীয় কিছু বিরোধ আছে। আপনারা জানেন আমরা চেষ্টা করছি তা দূর করে পরিকল্পিতভাবে সমন্বয় করার।’
তিনি বলেন, ‘আমরা কাজ করার জন্য দায়িত্ব নিয়েছি। ক্ষমতা ভোগ করার জন্য দায়িত্ব নেইনি।’
মন্ত্রী বলেন, ‘আমাদের অতীতে অনেক তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি। কিন্তু আমরা এবার সব তদন্ত প্রতিবেদন জনসম্মুখে আনবো। কোথাও কোন ভবন নিয়ে ত্রুটি থাকলে, অভিযোগে থাকলে আমাদের জানান। আমরা ব্যবস্থা নেবো।’
মানবসৃষ্ট কারণে যদি কারও মৃত্যু হয় তাহলে আমরা অবহেলা জনিত হত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো বলেও জানান তিনি।
উল্লেখ্য, ফায়ার সার্ভিস জানায়, কাঁচাবাজারে প্রায় ৩শ’ দোকান রয়েছে। দোকানগুলো সব পুড়েছে। শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটে কাঁচাবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সেখানে কাজ করে সাড়ে ৮টার দিকে আগুনে নেভাতে সক্ষম হয়।
আরও পড়ুন-
ডিএনসিসি মার্কেটের আগুন নিভেছে, হতাহত নেই
যেকোনও মূল্যে এটাকে ভেঙে মার্কেট তৈরি করতে হবে: হানিফ
গুলশান কাঁচাবাজারে আগুন: ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের কমিটি
‘ঋণ করে দোকান করেছি, সব পুড়ে ছাই’
মার্কেট কর্তৃপক্ষকে চার বার সতর্ক করা হয়েছে: ফায়ার সার্ভিস
এই মার্কেটে অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা নেই: ডিএনসিসি মেয়র