চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশনা দেন তিনি।
উল্লেখ্য, শনিবার (৪ জুন ২০২২) আনুমানিক রাত ৯টার দিকে চট্টগ্রাম সীতাকুণ্ড এলাকায় অবস্থিত বেসরকারি বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে। প্রথমে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। পরে রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। হঠাৎ একটি কনটেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এ অগ্নিকাণ্ডে আজ রবিবার (৫ জুন) সকাল পর্যন্ত ৩৩ জনের মতো মৃত্যুর খবর পাওয়া গেছে।