‘বাংলাদেশের সব লোক মার্কিন সরকারকে নিয়ে খেলা করছে’

বাংলাদেশের সব লোক মার্কিন সরকারকে নিয়ে খেলা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির অফিসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়া আরেফীর বিষয়ে জানতে চাইলে বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘এটি খুবই দুঃখজনক যে আমাদের দেশে মার্কিন সরকারকে নিয়ে সব লোক খেলা করছে। এটি খেলার মতো হয়ে গেছে।’

তিনি বলেন, ‘এটি লজ্জাজনক। প্রেসিডেন্ট বাইডেন এত বোকা লোক না। একজন ব্যক্তি তার (বাইডেনের) উপদেষ্টা হিসেবে দাবি করেন। তিনি বিএনপির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এবং এর আগে বিএনপি নেতাদের সঙ্গে আলাপ করেন। সংবাদ সম্মেলনে তার (মিয়া আরেফী) দুই পাশে বিএনপির নেতারা বসে আছেন।’

‘মিয়া আরেফী একজন ভুয়া ব্যক্তি’ জানিয়ে আব্দুল মোমেন বলেন, বিএনপি সবসময় ভুয়া নিয়ে ব্যস্ত থাকে। যুক্তরাষ্ট্রের উচিত এই ভুয়া লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর সন্ধ্যায় আরেফী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। পরদিন সোমবার (৩০ অক্টোবর) পুলিশ আরেফীকে আদালতে হাজির করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, আরেফীর পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি একজন বাংলাদেশি আমেরিকান। জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি মাঝে মাঝেই বাংলাদেশে আসেন।

আরও পড়ুন:

বাইডেনের কথিত সেই উপদেষ্টা আটক

বিএনপি কার্যালয়ে রহস্যময় ‘আগন্তুক’, জানেন না মির্জা ফখরুল