ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যায় অভিযুক্ত দুই আসামিকে অবৈধভাবে সীমান্ত পার করানোর অভিযোগে ফিলিপ সাংমা (৩০) নামে এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তার কনস্যুলার অ্যাকসেস চেয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। শনিবার (১৪ মার্চ) হাইকমিশনের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে।
কলকাতা পুলিশ বাংলাদেশ উপ-হাইকমিশনকে বার্তায় জানিয়েছে যে, ফিলিপ সাংমা (৩০) নামে একজন বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গের নদিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে গ্রেফতারকৃত ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য জানাতে বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতা পুলিশকে অনুরোধ করেছে এবং ভারত সরকারকে কন্স্যুলার অ্যাকসেস দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।
ভারতের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) জানায়, শুক্রবার (১৩ মার্চ) ও শনিবারের মধ্যবর্তী সময়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে এসটিএফের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে ভারতে গ্রেফতার হওয়া হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেনকে (৩৪) কনস্যুলার অ্যাকসেস দিতে দেশটির সরকারের কাছে অনুরোধ জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। তবে এখনও ভারত সরকারের সাড়া পাওয়া যায়নি।