হুট করে বাজার পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের সরবরাহ ও বিপণন পরিস্থিতি সরেজমিনে দেখতে রাজধানীর কারওয়ান বাজার এবং শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় তিনি হঠাৎ বাজার পরিদর্শনে যান।

এ সময় বাজারে ভোজ্যতেলের ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ ও বিপণন পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। উপস্থিত ক্রেতাদের সঙ্গেও কথা বলেন।

বাণিজ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুচরা বিক্রেতারা জানান, তারা চাহিদা দিয়ে তেলের সরবরাহ কম পাচ্ছেন। বাজারে পাঁচ লিটারের সরবরাহ একেবারে কম। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে। বিভিন্ন তেল কোম্পানির ডিলার তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করছে বলে অভিযোগ করেন খুচরা বিক্রেতারা। 

ক্রেতারা জানান, বোতলজাত সয়াবিন বাজারে কম তবে দাম বাড়েনি। 

ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুটি ব্র্যান্ডের তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও বেশিরভাগ ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ প্রায় স্বাভাবিক। এসময় কয়েকটি দোকানে নতুন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল বিক্রি করতে দেখা যায়।

বাজার পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের দ্রুতই সরবরাহ পরিস্থিতি উন্নত হবে বলে আশ্বাস দেন।