আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ২০২৬ সালের বসন্তকালীন অধিবেশনে যোগ দিতে আগামী শুক্রবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্র যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এটি অর্থমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর, যা দেশের অর্থনৈতিক কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নতুন সরকারের অর্থনৈতিক নীতির দিকনির্দেশনা আন্তর্জাতিক অংশীদারদের কাছে তুলে ধরারও এটি একটি বড় সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, প্রতি বছরের ন্যায় এ বছরও বসন্ত অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং উন্নয়ন বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থমন্ত্রী, গভর্নরসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন। এতে বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি, প্রবৃদ্ধির ধারা এবং নীতিনির্ধারণী দিকনির্দেশনা নিয়ে আলোচনা হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে আইএমএফের সঙ্গে বাংলাদেশের পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির সর্বশেষ অবস্থা পর্যালোচনা। এ কর্মসূচির আওতায় এরই মধ্যে একাধিক কিস্তি ছাড় হয়েছে। তবে, পরবর্তী কিস্তি পেতে হলে রাজস্ব আদায় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ এবং আর্থিক খাতে সংস্কারসহ বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।
যুক্তরাষ্ট্র সফরকালে অর্থমন্ত্রী আইএমএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এসব বৈঠকে ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি দ্রুত ছাড়, শর্ত বাস্তবায়নে সময়সীমা শিথিলকরণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নীতিগত সহায়তার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই সফর বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। সফল আলোচনা হলে একদিকে যেমন বৈদেশিক সহায়তা প্রবাহ বাড়বে, অন্যদিকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থাও জোরদার হবে।