হিসাবরক্ষকদের পেশাগত স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ০০:৫৪ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০০:৫৪

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হিসাবরক্ষক ও নিরীক্ষকদের পেশাগত স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে বাইরের কোনও নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ কাম্য নয়। নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা হওয়া উচিত একেবারে শেষ পর্যায়ে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর গুলশানে হোটেল র‌্যাডিসন ব্লুতে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্টস ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে যেতে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনও প্রতিষ্ঠান বা সংগঠনে নিয়মকানুন মেনে চলা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি চাপিয়ে দেওয়া বা জোর করে কার্যকর করা উচিত নয়। হিসাবরক্ষক ও নিরীক্ষকেরা নিজেদের পেশাগত আচরণবিধি ও নৈতিক মানদণ্ড সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তারা নিজেরাই স্বনিয়ন্ত্রণের চর্চা গড়ে তুললে এবং আইসিএবি প্রাতিষ্ঠানিকভাবে সেই সক্ষমতা অর্জন করলে সরকার, আয়কর বিভাগ কিংবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হস্তক্ষেপের প্রয়োজন হবে না।

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় হিসাব রক্ষকদের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, উন্নত জাতি হিসেবে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যেতে চায়। পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে হিসাবরক্ষণ ও নিরীক্ষা ব্যবস্থাও বিকশিত হচ্ছে। এ অগ্রযাত্রায় হিসাব রক্ষকেরা সামনের সারিতে রয়েছেন।

তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনের ওপর আমানতকারী, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং করদাতাসহ অর্থনীতির বিভিন্ন পক্ষের স্বার্থ নির্ভর করে। তাই আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

আমির খসরু বলেন, অতীতে বিভিন্ন পরিস্থিতিতে নিয়ম না মানার যে প্রবণতা তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে আসতে হবে। স্বচ্ছতা ও নিয়মনীতি মেনে চলার পুরো ব্যবস্থাকে কার্যকর ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে হিসাব রক্ষকদের পেশাগত মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখতে হবে।

অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানান অর্থমন্ত্রী। 

আইসিএবির চেয়ারম্যান সাব্বির আহমেদ, এফসিএর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। এ ছাড়া আইসিএবির নেতৃবৃন্দ ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

/জিকে/
সম্পর্কিত
রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
চট্টগ্রামকে অর্থনৈতিক হাবে পরিণত করার পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী
প্রবাসফেরতদের পুনর্বাসনে ৩ হাজার কোটি টাকার ঋণ, সুদ সর্বোচ্চ ৮ শতাংশ
সর্বশেষ খবর
পল্লবীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন
পল্লবীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন
নৈরাজ্যের বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের প্রতিরোধ মিছিল
নৈরাজ্যের বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের প্রতিরোধ মিছিল
এক রাতে পুলিশ সুপারের বাসভবন-কারাগারসহ চার স্থান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
এক রাতে পুলিশ সুপারের বাসভবন-কারাগারসহ চার স্থান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
অবৈধ বসবাসের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারতীয় পুলিশ
অবৈধ বসবাসের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারতীয় পুলিশ
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা