প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, “আগামী একবছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা আছে— একথাটি নিয়ে একটু ভুল বোঝা-বুঝি আছে।” তিনি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের পরিকল্পনার কথা জানান।
মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদফতরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, “স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। একটা কথা একটু মনে রাখবো আমরা সবাই, এই যে একবছর বলা হচ্ছে, আমি আগেই দেখেছি এটা মিসইন্টারপ্রেটেশন হয়েছে।”
তিনি বলেন, “একবছর না, এটা যখন শুরু হবে তারপর একবছর। কারণ আপনারা জানেন অনেকগুলো স্তর আছে আমাদের স্থানীয় সরকারের এবং এর মধ্যে বিশেষ করে ইউনিয়ন যদি ধরি সংখ্যাটা বিরাট। এই সংখ্যা নির্বাচন করতে শুরু হওয়ার পর থেকে একবছর সময় লাগবে। তাহলে উনি বলছেন সেপ্টেম্বর-অক্টোবর মানে বর্ষা যখন শেষ হবে, তার মানে এটা ২০২৬ সালের সেপ্টেম্বর-অক্টোবরে যদি শুরু হয় ২০২৭ সালের সেপ্টেম্বর-অক্টোবর বা ২০২৭ সালের মধ্যে এই নির্বাচনটা শেষ করার চেষ্টা সরকার করবে।”