বর্তমানে দেশের কর আপিলেট ট্রাইব্যুনালের ৮টি বেঞ্চে সর্বমোট ১৬২৪টি আপিল মামলা নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি আয়কর আইন অনুযায়ী, অনিষ্পন্ন মামলাগুলো ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করার কথা জানিয়েছেন।
বুধবার (২৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৪তম দিনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের লিখিত জবাবে এই পরিসংখ্যান তুলে ধরেন অর্থমন্ত্রী।
বেঞ্চভিত্তিক মামলার পরিসংখ্যান
সংসদে উপস্থাপিত তথ্যানুযায়ী, দেশের মোট ৮টি দ্বৈত বেঞ্চে এই মামলাগুলো অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। যার মধ্যে রাজধানী ঢাকার ৫টি বেঞ্চেই মামলার চাপ সবচেয়ে বেশি।
সংসদে জানানো হয়েছে, দ্বৈত বেঞ্চ-১, ঢাকায় ২৭৪টি, দ্বৈত বেঞ্চ-২, ঢাকায় ৩১৮টি, দ্বৈত বেঞ্চ-৩, ঢাকায় ২৪৯টি, দ্বৈত বেঞ্চ-৪, ঢাকায় ২০৭টি, দ্বৈত বেঞ্চ-৫, ঢাকায় ৩০৫টি, দ্বৈত বেঞ্চ, চট্টগ্রামে ১৬২টি, দ্বৈত বেঞ্চ, খুলনায় ৫১টি এবং দ্বৈত বেঞ্চ, রংপুরে ৫৮টি মামলা অনিষ্পন্ন রয়েছে।
অর্থ মন্ত্রী জানান, এই ৮টি দ্বৈত বেঞ্চে অনিষ্পন্ন মামলাগুলো আয়কর আইন অনুযায়ী মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করা হয়।