রাজস্ব বাড়াতে নতুন খাত চিহ্নিতের নির্দেশ, নৌপথে নিরাপত্তা জোরদারের তাগিদ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) রাজস্ব আয় বাড়ানো, সেবার মান উন্নয়ন এবং নৌপথকে আরও আধুনিক, নিরাপদ ও দক্ষ করতে কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিআইডব্লিউটিএ’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ‘কর্তৃপক্ষের রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এসব নির্দেশনা দেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জানান, সভার শুরুতে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম সংস্থাটির রাজস্ব আয়, সেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন। এতে ড্রেজিং, নৌপথের নাব্যতা রক্ষা, নদীবন্দর ব্যবস্থাপনা, ইজারা কার্যক্রম, রাজস্ব আহরণ, নৌ-নিরাপত্তা এবং সেবার ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

সভায় প্রতিমন্ত্রী ও সচিব ড্রেজিং কার্যক্রম ব্যয়-সাশ্রয়ীভাবে পরিচালনা করে গুরুত্বপূর্ণ নৌপথে অগ্রাধিকারভিত্তিতে খনন, নৌপথে বয়া, বাতি, বিকন ও নৌ-চিহ্ন আরও দৃশ্যমান করা, অনিষ্পন্ন ঘাটের ইজারা দ্রুত সম্পন্ন, ফোরশোর ও তীরভূমি ব্যবহার ফি যুগোপযোগী করে রাজস্ব বৃদ্ধি, নদীবন্দরে পর্যায়ক্রমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মালামাল ওঠানামা চালু এবং নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এছাড়া বন্দর বিভাগের রাজস্ব বৃদ্ধির জন্য সম্ভাবনাময় নতুন খাত চিহ্নিত করে দ্রুত বাস্তবায়নযোগ্য উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে বিআইডব্লিউটিএকে আরও দক্ষ, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। একইসঙ্গে রাজস্ব আহরণের নতুন ক্ষেত্র সৃষ্টি এবং বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহারের ওপর জোর দেওয়া হয়।

মতবিনিময় সভায় বিআইডব্লিউটিএ’র সদস্য (অর্থ) ক্যাপ্টেন (অব.) মো. মোয়াজ্জেম হোসেন, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. সাজেদুর রহমান, সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদারসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।