তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (২৫ জুলাই) তিনি দেশে ফিরেছেন। সফরকালে তিনি তুরস্কের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, সরকারের নীতিনির্ধারক ও শীর্ষ প্রতিরক্ষা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন।
তুরস্ক সফরকালে সেনাবাহিনী প্রধান সেদেশের প্রথম রাষ্ট্রপতি ও প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ ‘আনিতকাবির’-এ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া ‘টার্কিশ ল্যান্ড ফোর্সেস হেডকোয়ার্টার্স’ পরিদর্শনের সময় তাকে বিশেষ ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
সফরকালে তিনি তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের, চিফ অব দ্য টার্কিশ জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারোলু, কমান্ডার অব দ্য টার্কিশ ল্যান্ড ফোর্সেস জেনারেল মেতিন তোকেল, ডিরেক্টর অব ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ড রিয়ার অ্যাডমিরাল রেজেপ এরদিনচ এতকিন এবং তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির (এসএসবি) প্রতিনিধিদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেন।
এসব বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, শিল্পে সহযোগিতা ও পেশাগত সম্পর্ক সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের শীর্ষস্থানীয় বেশ কিছু প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এর মধ্যে আসিসগার্ড, তুকাস, এমকেই, সারসিলমাজ, এসটিএম, রকেটসান, আসেলসান এবং বায়কার টেকনোলজির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো অন্যতম।
সেখানে তিনি প্রতিষ্ঠানগুলোর অত্যাধুনিক প্রযুক্তির উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রযুক্তি পরিকল্পনা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় করেন।
এই সফরের ফলে দুই বন্ধুপ্রতীম দেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।