প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
সাক্ষাতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। বিশেষ করে দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত পেশাগত প্রশিক্ষণ, সামরিক শিক্ষা বিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
আধুনিক সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ সহযোগিতা বাড়ানো হলে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কৌশলগত অংশীদারত্ব এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথা উল্লেখ করেন। ভবিষ্যতে এ সহযোগিতা আরও বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এ সময় চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে তার দেশের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।









