বাগেরহাটের মোংলা থেকে মিরাজ শেখ নিখোঁজ হওয়ার ঘটনায় কোস্ট গার্ডের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সংশ্লিষ্ট বাহিনীর কাছ থেকে অভিযোগটির সত্যতা নিশ্চিত করে কোনও তথ্য তিনি পাননি।
তবে ওই বাহিনী জড়িত না থাকলেও একজন নিখোঁজ নাগরিককে খুঁজে বের করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, পরিবার অভিযোগ করছে, একজন মানুষকে পাওয়া যাচ্ছে না। অভিযোগটি খতিয়ে দেখা এবং পরিবারকে নিয়মিত তথ্য দেওয়া সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া প্রয়োজন উল্লেখ করে উপদেষ্টা জানান, তিনি মন্ত্রণালয়ের সঙ্গে আবার কথা বলবেন।
তবে তদন্তের আগে ঘটনাটিকে সরাসরি ‘গুম’ হিসেবে অভিহিত না করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে বাংলাদেশ থেকে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড পুরোপুরি বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন।