সমুদ্রসম্পদ অনুসন্ধান ও গবেষণাকে আরও এগিয়ে নিতে দেশের প্রথম ওশানোগ্রাফিক রিসার্চ ভেসেল (সমুদ্র গবেষণা জাহাজ) নির্মাণের কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি জানান, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট ইতোমধ্যে উপকূলীয় সমুদ্রের প্রায় ২০ হাজার বর্গকিলোমিটার এলাকায় সামুদ্রিক ভিত্তি-তথ্য সংগ্রহ করেছে। এ গবেষণায় ভারী খনিজসমৃদ্ধ অঞ্চল, মাইক্রোপ্লাস্টিক দূষণ এবং তেলদূষণের এলাকা চিহ্নিত হয়েছে।
তথ্য উপদেষ্টা আরও জানান, সেন্ট মার্টিন দ্বীপে ১৪৩ প্রজাতির সি-উইড শনাক্ত করা হয়েছে। এসব সি-উইড থেকে আগার, ক্যারাজিনান ও অ্যালজিনেট উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রজাতির পরীক্ষামূলক চাষও সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আয়োজিত এক কর্মশালায় সামুদ্রিক দূষণ শনাক্ত, ভারী খনিজ অনুসন্ধান এবং সামুদ্রিক খাদ্যের মান পরীক্ষায় পরমাণু ও আইসোটোপ প্রযুক্তির ব্যবহার নিয়ে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।