অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন প্রতিরোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় নিয়ে পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনার সিদ্ধান্ত হয়েছে।

কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে রবিবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মো. আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও আতিকুর রহমান মোজাহিদ অংশ নেন।

কমিটির সভাপতির আমন্ত্রণে বিশেষ আমন্ত্রিত হিসেবে বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও পূর্বনির্ধারিত বিদেশ সফরে থাকায় তিনি উপস্থিত হতে পারেননি।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সভাপতি, সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, কার্যপরিধি ও চলমান কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। একই সঙ্গে গত ছয় মাসের কার্যক্রম ও অর্জন পর্যালোচনা এবং আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে কমিটির সদস্যরা বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরসহ পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের অর্জন ও সক্রিয় অংশগ্রহণকে সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করা হয়।

এ ছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত হয়।

কমিটির পক্ষ থেকে বিদেশের মিশনগুলোতে ‘শিক্ষা কূটনীতি’ সেবা চালু এবং নারী শ্রমিকদের জন্য বিশেষ জরুরি হটলাইন চালুর প্রস্তাব করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এতে সম্মতি জানান।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।