সরকারকে প্রশ্ন করার কারণে কোনও সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে কিনা, এমন অভিযোগ ব্যক্তিগতভাবে খতিয়ে দেখার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ তুলে এক সাংবাদিক অভিযোগ করেন, একজন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হলেও সংশ্লিষ্ট সাংবাদিক ও তার প্রতিষ্ঠান কারণ জানে না। সরকারকে প্রশ্ন করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এ প্রশ্নও তোলা হয়।
জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘‘শুধু প্রশ্ন করার কারণে এই সরকার কোনও পদক্ষেপ নেবে আমি সেটা মনে করি না।’’
তিনি বলেন, ‘‘আপনারা প্রতিদিন আমাকে যেসব প্রশ্ন করেন, প্রশ্ন করাই যদি কারণ হতো তাহলে তো আপনাদের সবার কার্ড বাতিল হয়ে যাওয়ার কথা।’’
সংশ্লিষ্ট প্রতিবেদনটি তার নজরে এসেছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘‘নিউজটা আমার চোখে পড়েছে। কেন কার্ড বাতিল হয়েছে, কী ঘটেছিল—আমি অবশ্যই খোঁজ নেবো। ব্যক্তিগতভাবেও বিষয়টি খতিয়ে দেখবো।’’
সরকার সমালোচনা ও প্রশ্নের বিষয়ে সহনশীলতা দেখাচ্ছে দাবি করে তিনি বলেন, ‘‘সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নিয়েও বিপুল পরিমাণ অপতথ্য ছড়ানো হলেও সেগুলোর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার সংকুচিত করা হয়নি।’’