‘ফ্যামিলি কার্ড’কে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণে তিনি বলেন, শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রায়নও নিশ্চিত করতে চায় সরকার।
প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তাই দেশের আর্থসামাজিক রূপান্তরে নারীদের সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রাখা হয়েছে। নারী শিক্ষা, কর্মসংস্থান ও নারী উদ্যোক্তা তৈরিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে নারী উদ্যোক্তাদের জন্য নগদ অর্থায়নের সুযোগ সম্প্রসারণের কথা জানান তিনি। একই সঙ্গে স্নাতক শ্রেণি পর্যন্ত নারীদের বিনাবেতনে শিক্ষার সুযোগ উন্মুক্ত করার কথা বলেন প্রধানমন্ত্রী।
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই-হেলথ কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি চালুর কথাও ভাষণে তুলে ধরেন তিনি।
প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে দেওয়া ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবে বিবেচনা করে সরকার—এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বিভিন্ন খাতের কার্ডগুলোকে সমন্বয় করে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।