রেলওয়ের আয় বাড়াতে নতুন নির্দেশনা

বাংলাদেশ রেলওয়েকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজ বৃদ্ধি এবং কার্গো রফতানির মাধ্যমে আয় বাড়ানোর নির্দেশনা দিয়েছে স্থায়ী কমিটি। খবর বাসস।

রবিবার জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ নির্দেশ ও সুপারিশ প্রদান করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার, এমপি।

বৈঠকে অংশ নেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটি সদস্য শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংসদ সদস্য মো. আব্দুল মহিত তালুকদার, ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, মো. আবু সাইদ চাঁদ, মো. রবিউল আওয়াল, মু. মিজানুর রহমান, মুহাম্মদ আজীজুর রহমান এবং মো. গোলাম রব্বানী।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সার্বিক কার্যক্রম উপস্থাপন করা হয়। এতে রেল পরিদর্শন অধিদফতর, কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড সম্পর্কিত তথ্য এবং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও অগ্রগতি তুলে ধরা হয়।

এ ছাড়া বিদ্যমান ডিজিটাল পরিষেবা, স্পেসিফিকেশন অনুযায়ী লোকোমোটিভ তৈরি, টিকেট কালোবাজারি বন্ধের পদক্ষেপ এবং পঞ্চগড়-কক্সবাজার প্রস্তাবিত রুটের অগ্রগতি সম্পর্কে তথ্য উপাত্ত উপস্থাপিত হয়।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।