দেশের প্রতিরক্ষা শিল্পে সক্ষমতা বাড়াতে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। সরকারের ‘মেইড ইন বাংলাদেশ’ নীতির আওতায় দেশীয় প্রযুক্তির বিকাশ ও যুদ্ধজাহাজ নির্মাণে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রয়োজনীয় অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের পাশাপাশি সম্ভাব্য সহযোগী প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রাথমিক কারিগরি কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শনে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি প্রতিষ্ঠানটির জাহাজ নির্মাণ ও মেরামত কার্যক্রম, অবকাঠামোগত সুবিধা এবং সার্বিক পরিচালন ব্যবস্থা ঘুরে দেখেন। পাশাপাশি সিডিডিএলের সক্ষমতা ও কারিগরি দক্ষতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে বাংলাদেশের ফ্রিগেটসহ বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে প্রতিরক্ষা শিল্পে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় সক্ষমতা ও আত্মনির্ভরতা অর্জনের পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে বাণিজ্যমন্ত্রী সিডিডিএলে পৌঁছালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ জয়নাল আবেদীন তাকে স্বাগত জানান।
দেশের সামুদ্রিক খাতের উন্নয়ন, নিরাপত্তা ও শিল্পায়নের লক্ষ্যে ১৯৮৫ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। তবে পরবর্তী সময়ে বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং এর কার্যক্রম দুর্বল হয়ে যায়। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করতে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
এরপর থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এ পর্যন্ত সিডিডিএল দেশি-বিদেশি মোট ১ হাজার ৩৬টি জাহাজ মেরামত করেছে। পাশাপাশি কনটেইনারবাহী জাহাজ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্য সংখ্যক পন্টুন নির্মাণ করেছে।
বর্তমানে প্রতিষ্ঠানটি জাহাজের ড্রাই ডকিংয়ের পাশাপাশি পানিতে ভাসমান অবস্থায়ও মেরামতসেবা দিয়ে আসছে।
জাহাজ নির্মাণ ও মেরামতের বাইরে দেশের বিভিন্ন শিল্প খাতেও অবদান রাখছে সিডিডিএল। চিনি, কাগজ ও পাল্প, ইস্পাত, সার ও রাসায়নিক শিল্প এবং বিদ্যুৎকেন্দ্রের জন্য বিভিন্ন ধরনের স্টিল কাঠামো, যন্ত্রপাতি, ট্যাংক, মেটাল রোলার, স্টিল ব্রিজ ও বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার নির্মাণ করছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক মানসম্পন্ন কার্যক্রম ও পরিচালন সক্ষমতার স্বীকৃতি হিসেবে সিডিডিএল আইএসও সনদ অর্জন করেছে। পাশাপাশি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিআইএএ) সদস্যপদও রয়েছে প্রতিষ্ঠানটির।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিডিডিএলের চলমান উন্নয়ন কার্যক্রম দেশের জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পের বিকাশ, প্রতিরক্ষা শিল্পে দেশীয় সক্ষমতা বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা এবং জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।