গাজী নজরুলের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম) কারাগারে বন্দি রয়েছেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে রয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কার্যপ্রণালি বিধির ১৭২ বিধিতে পাওয়া নোটিশের সংশ্লিষ্ট অংশ ১৭৬ বিধি অনুসারে সংসদে পড়ে শোনান।

স্পিকার সংসদকে জানান, কার্যপ্রণালি বিধির ১৭২ বিধি অনুযায়ী পত্রটি পাওয়া গেছে। সংসদ অধিবেশন চলাকালে এ ধরনের পত্র পাওয়ার পর তা যথাসময়ে সংসদে পাঠ করার বিধান রয়েছে।

গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় দায়ের করা ১৬৯৫ নম্বর সাধারণ ডায়েরির সূত্র ধরে তাকে ন্যাম ভবনের বাসা থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা দণ্ডবিধির ৩০৬ ধারার মামলায় ২১ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়। মামলাটির নম্বর ১৬ এবং জিআর নম্বর ১৯৭।

গ্রেফতারের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি রয়েছেন।

কার্যপ্রণালি বিধির ১৭২ বিধি অনুযায়ী পাওয়া নোটিশটি ১৭৬ বিধি অনুসারে সংসদে পাঠ করে শোনান স্পিকার। এ সময় তিনি সংসদ সদস্যদের বিষয়টি জানান।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক তরুণীর সঙ্গে সংসদ সদস্যকে দেখা যায়। পরে তিনি জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম।

মামলার এজাহার অনুযায়ী, গত জুনে তাদের বিয়ে হয়। বিয়ের পর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সঙ্গে একই বাসায় থাকতেন মরিয়ম। বিয়ের পর থেকে স্বামী ও সতিনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পরিবারের কাছে জানিয়েছিলেন তিনি। মরিয়মের মৃত্যুর ঘটনায় তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে জি এম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। ওই মামলায় জি এম নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেফতার করা হয়।