দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের সারপ্রাপ্তিতে সংকট, অতিরিক্ত দামে কালোবাজারে সার বিক্রি এবং ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে জাতীয় সংসদে জরুরি আলোচনার দাবি জানিয়েছে বিরোধীদল জামায়াতে ইসলামী। কার্যপ্রণালি বিধির ৬৮ বিধি অনুযায়ী জনগুরুত্বসম্পন্ন এ বিষয়ে আলোচনার জন্য সংসদ সচিবালয়ে নোটিশ জমা দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের প্রয়োজনীয় সারপ্রাপ্তিতে সংকট, কালোবাজারে অতিরিক্ত দামে সার বিক্রি, সার বিতরণ ব্যবস্থাপনায় অনিয়ম এবং সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
কৃষকদের দুর্ভোগের চিত্র তুলে ধরে নোটিশে বলা হয়, বাংলাদেশের মোট কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় ৪৪ দশমিক ৬৭ শতাংশ, অর্থাৎ প্রায় ৩ কোটি ৮৭ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি খাতের ওপর নির্ভরশীল। বর্তমানে আমন ধানের পরিচর্যা এবং রবি মৌসুমের ফসল আবাদের গুরুত্বপূর্ণ সময় চলছে। এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা সরকারি নির্ধারিত দামে পর্যাপ্ত সার পাচ্ছেন না।
ফলে বাধ্য হয়ে কৃষকদের খোলাবাজার ও কালোবাজার থেকে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে। এতে কৃষি উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে নোটিশে উল্লেখ করা হয়।
সার বিতরণে সিন্ডিকেট ও কৃত্রিম সংকটের আশঙ্কা
সার ডিলার নিয়োগ ও পুনর্বিন্যাসে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলে নোটিশে বলা হয়, এসব কারণে সার বিতরণ ব্যবস্থায় সিন্ডিকেট, অবৈধ মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরির সুযোগ সৃষ্টি হচ্ছে। অতীতের সার সংকট ও কৃষক আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরে নোটিশে বলা হয়, দেশের খাদ্যনিরাপত্তা এবং কৃষকের ন্যায্য অধিকার রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
নোটিশে সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, ডিলার নিয়োগের অনিয়ম দূর করা এবং কালোবাজারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে সংসদে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।