যেসব ইস্যুতে আলোচনা চেয়ে সংসদে বিরোধীদলের নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ নভেম্বর ২০২৬, ২১:৪৪ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২১:৪৪

সার সংকট ও কালোবাজারি, বিদ্যুৎ-গ্যাসের অভাবে পোশাকশিল্পের উৎপাদন কমে যাওয়া, এলপিজিসহ জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধি এবং গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়গুলো নিয়ে জাতীয় সংসদে আলোচনা চায় বিরোধী দল। এসব বিষয়ে জরুরি ও সাধারণ আলোচনার দাবি জানিয়ে সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে একাধিক নোটিশ জমা দেওয়া হয়েছে।

এর মধ্যে সার সংকট, পোশাকশিল্পের উৎপাদন হ্রাস এবং এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কার্যপ্রণালি বিধির ৬৮ বিধিতে আলোচনার নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে, গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সম্ভাব্য পরিস্থিতি ও বাংলাদেশের পানি নিরাপত্তা নিয়ে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আলোচনার নোটিশ দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম।

সার সংকটের বিষয়ে নোটিশে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের প্রয়োজনীয় সার না পাওয়া, কালোবাজারে অতিরিক্ত দামে সার বিক্রি এবং ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তুলে ধরা হয়েছে। নোটিশে বলা হয়, বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় ৪৪ দশমিক ৬৭ শতাংশ, অর্থাৎ প্রায় ৩ কোটি ৮৭ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। আমন ধানের পরিচর্যা ও রবি মৌসুমের ফসল আবাদের গুরুত্বপূর্ণ সময়ে কৃষকরা সরকারি নির্ধারিত দামে পর্যাপ্ত সার পাচ্ছেন না। ফলে বেশি দামে সার কিনতে গিয়ে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

সার ডিলার নিয়োগ ও পুনর্বিন্যাসে অনিয়মের কারণে সিন্ডিকেট, অবৈধ মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরির আশঙ্কাও প্রকাশ করা হয়েছে নোটিশে। সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, ডিলার নিয়োগের অনিয়ম দূর করা এবং কালোবাজারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের দেওয়া নোটিশে বলা হয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অভাব, গ্যাসের নিম্নচাপ এবং ডিজেল সরবরাহের সীমাবদ্ধতায় দেশের তৈরি পোশাক কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এতে বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করছেন এবং শিল্পমালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

নোটিশে উল্লেখ করা হয়, দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। প্রায় ৪০ লাখ শ্রমিক সরাসরি এ শিল্পে কর্মরত। ফলে এ খাতের সংকট দেশের অর্থনীতি, বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জ্বালানি সংকটের পাশাপাশি শ্রমিক অসন্তোষ, শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রের বৈষম্যের বিষয়ও তুলে ধরা হয়েছে। পোশাকশিল্পের সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী তিন বছরের একটি টেকসই জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানানো হয়েছে।

এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও ৬৮ বিধিতে আলোচনার নোটিশ দিয়েছে বিরোধীদল। পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের পক্ষ থেকে দেওয়া নোটিশে অভিযোগ করা হয়েছে, গণশুনানি ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ছাড়াই এলপিজির দাম পুনর্নির্ধারণ করা হচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের বিভিন্ন ধারা ও প্রবিধান যথাযথভাবে অনুসরণ না করায় ভোক্তারা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এতে বলা হয়েছে, এলপিজিসহ অন্যান্য জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রায় চাপ তৈরি করছে। জ্বালানি পণ্যের মূল্য নির্ধারণে জনস্বার্থ বিবেচনা, আইনানুগ গণশুনানির আয়োজন, স্বচ্ছ প্রবিধান প্রণয়ন এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, আগামী ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে উল্লেখ করে ১৪৭ বিধিতে নোটিশ দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। নোটিশে বলা হয়েছে, সময়মতো ন্যায্য ও টেকসই পানি বণ্টনব্যবস্থা নিশ্চিত করা না গেলে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানির সংকট দেখা দিতে পারে। এতে কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা ব্যাহত হওয়া, গড়াই নদীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শাখানদীগুলোর নাব্যতা কমে যাওয়া, সুন্দরবনের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়া এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

নোটিশে আন্তর্জাতিক পানিপ্রবাহ আইন ও অববাহিকাভিত্তিক সুষম ব্যবহারের নীতির আলোকে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়ন অথবা নতুন ন্যায্য পানি বণ্টন চুক্তি সম্পাদনের পাশাপাশি গঙ্গা ব্যারাজ প্রকল্প, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কিংবা বিকল্প জলাধার নির্মাণের মাধ্যমে জাতীয় পানি নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অনিয়ম তদন্তের এখতিয়ার নেই পল্লী উন্নয়ন বিভাগের
সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংসদে আলোচনা চায় জামায়াত
জ্বালানির মূল্যবৃদ্ধির নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধীদল
সর্বশেষ খবর
‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অনিয়ম তদন্তের এখতিয়ার নেই পল্লী উন্নয়ন বিভাগের
‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অনিয়ম তদন্তের এখতিয়ার নেই পল্লী উন্নয়ন বিভাগের
পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে বিরোধীদলের নোটিশ
পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে বিরোধীদলের নোটিশ
অ্যান্ড্রয়েড ফোনে গুগল মেসেজেসের যে পাঁচ সেটিংস বন্ধ রাখা ভালো
অ্যান্ড্রয়েড ফোনে গুগল মেসেজেসের যে পাঁচ সেটিংস বন্ধ রাখা ভালো
তুরস্ক যাচ্ছেন ড. খলিলুর রহমান
তুরস্ক যাচ্ছেন ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’