বড় পরিবর্তন এনে সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিন অধ্যাদেশ সংসদে উত্থাপন

সরকারি ক্রয়, মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিল এবং সৌরবিদ্যুৎ স্থাপনের বিষয়ে জারি করা তিনটি অধ্যাদেশ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশ তিনটি সংসদে উত্থাপন করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 

অধ্যাদেশ তিনটি হলো—সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।

সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদের অধিবেশন না থাকা অবস্থায় অধ্যাদেশ তিনটি জারি করেন।

সরকারি ক্রয় আইনে বড় পরিবর্তন

গত ২১ সেপ্টেম্বর জারি করা সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এ সরকারি ক্রয় কার্যক্রমে ব্যাপক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এতে সরকারি দরপত্রে অংশগ্রহণের যোগ্যতার পরিধি বাড়ানো, সীমিত দরপত্র পদ্ধতির ব্যবহার সম্প্রসারণ এবং নতুন ক্রয়বিধি যুক্ত করা হয়েছে।

নতুন ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোগ, নারী উদ্যোক্তা এবং পিছিয়ে পড়া দরদাতাদের সরকারি ক্রয়ে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, ক্রয়কারী প্রতিষ্ঠানগুলো দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় শর্ত আরোপ করতে পারবে না। যেমন—দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক লেনদেন বা পূর্বে সরকারি কাজ করার অভিজ্ঞতা। তবে ক্রয়ের ধরন ও জটিলতার কারণে প্রয়োজন হলে এসব শর্ত দেওয়া যাবে।

স্থানীয় শিল্প ও কর্মসংস্থানকে উৎসাহিত করতে সরকার দেশে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে পারবে। নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে দেশীয় পণ্য কেনা বাধ্যতামূলকও করতে পারবে।

বিদেশি দরদাতাদের সাধারণত বাংলাদেশি অংশীদারের সঙ্গে যৌথ উদ্যোগে অংশ নিতে হবে। এ ক্ষেত্রে বিধিমালায় নির্ধারিত ন্যূনতম দেশীয় অংশীদারত্ব থাকতে হবে। তবে বিশেষ কিছু ক্রয়ের ক্ষেত্রে সরকার এ শর্ত শিথিল করতে পারবে।

উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কারিগরি ও আর্থিক প্রস্তাব আলাদাভাবে জমা নেওয়া হবে। কেবল কারিগরিভাবে যোগ্য দরদাতাদের আর্থিক প্রস্তাব খোলা হবে। বিধিমালায় নির্ধারিত সীমার বেশি মূল্যের ক্রয়ে দামের পাশাপাশি কারিগরি মান ও টেকসই বৈশিষ্ট্য বিবেচনায় দর মূল্যায়ন করা হবে। অস্বাভাবিক কম দর আলাদাভাবে যাচাই করা হবে।

ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়লো

গত ১৩ অক্টোবর জারি করা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এ ২০১২ সালের আইনের ৬৪ ধারায় পরিবর্তন আনা হয়েছে। ১ অক্টোবর থেকে এটি কার্যকর ধরা হয়েছে।

সংশোধিত বিধান অনুযায়ী, নিবন্ধিত, তালিকাভুক্ত অথবা নিবন্ধনের যোগ্য ব্যক্তিদের প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে।

সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা কোম্পানি এবং শূন্য রিটার্ন দাখিলকারীদের জন্য সময়সীমা ২০ দিন নির্ধারণ করা হয়েছে।

জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন জমার সময় বাড়াতে পারবে। তবে এ ক্ষেত্রে সুদ বা জরিমানা মওকুফ করতে পারবে না।

মাসিক রিটার্নে সম্পূরক শুল্ক পরিশোধের তথ্যও অন্তর্ভুক্ত করতে হবে। এনবিআর চাইলে ইলেকট্রনিক পদ্ধতিতে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করতে পারবে।

পাঁচ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ বিধান

গত ১৯ অক্টোবর জারি করা বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬-এ পাঁচ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের কাঠামো তৈরি করা হয়েছে।

সরকারি, আধা সরকারি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং আবাসিক ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের পাশাপাশি সৌরচালিত সেচপাম্প, হিমাগার, বৈদ্যুতিক যানবাহনের চার্জিং স্টেশন, চা-বাগান, ভাসমান সৌরবিদ্যুৎ এবং কৃষিজমিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার (অ্যাগ্রিভোল্টাইক) প্রকল্পও এর আওতায় আসবে। তবে বড় আকারের ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্র এ অধ্যাদেশের আওতাভুক্ত নয়।

অধ্যাদেশে বিনিয়োগের দুটি মডেল রাখা হয়েছে। অপারেটিং এক্সপেনডিচার (ওপেক্স) মডেলে বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রাহকের স্থাপনায় নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও রক্ষণাবেক্ষণ করবে। বিনিময়ে চুক্তি অনুযায়ী উৎপাদিত বিদ্যুৎ বা আয় থেকে নির্ধারিত অংশ পাবে।

অন্যদিকে, ক্যাপিটাল এক্সপেনডিচার (ক্যাপেক্স) মডেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা কিনে স্থাপন ও মালিকানা ধরে রাখবে। 

গ্রাহক প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় যোগ্য সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করতে পারবেন। এ ছাড়া উন্মুক্ত দরপত্র আহ্বান করে কর্তৃপক্ষের জেলাভিত্তিক তালিকার বাইরের প্রতিষ্ঠানকেও নির্বাচন করা যাবে।

গ্রাহক, সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি করতে হবে। এতে যন্ত্রপাতির মান ও নিরাপত্তা, স্থাপনা ব্যবহারের অধিকার, ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুতের মূল্য, নেট মিটারিং, রক্ষণাবেক্ষণ, মালিকানা এবং বিরোধ নিষ্পত্তির বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ দ্রুত করতে অধ্যাদেশে ২০০৬ সালের সরকারি ক্রয় আইন, ২০২৬ সালের ইনভেস্ট বাংলাদেশ আইন এবং ২০২৫ সালের সরকারি ক্রয়বিধির সঙ্গে সাংঘর্ষিক বিধান অকার্যকর রাখার কথা বলা হয়েছে। ক্যাপেক্স মডেলে পাঁচ কোটি টাকা পর্যন্ত পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার ক্ষেত্রে ইলেকট্রনিক সরকারি ক্রয় (ই-জিপি) ছাড়াই সীমিত দরপত্র পদ্ধতি অনুসরণের সুযোগ রাখা হয়েছে।

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) সৌরবিদ্যুৎ স্থাপনের অনলাইন তথ্যভাণ্ডার সংরক্ষণ এবং সেগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবে। প্রধানমন্ত্রীকে সভাপতি করে একটি জাতীয় নীতি পরিষদ গঠন করা হবে। এ পরিষদকে সহায়তা করবে জেলা ও উপজেলা কমিটি।

অধ্যাদেশে সৌরবিদ্যুৎ স্থাপন-সংক্রান্ত অপরাধের শাস্তির বিধানও রাখা হয়েছে। সৌরবিদ্যুৎ ব্যবস্থার যন্ত্রাংশ চুরির অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। অবৈধ সংযোগ স্থাপন এবং স্থাপন বা পরিদর্শনের কাজে বাধা দেওয়ার অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।