গুজব-অপতথ্য ছড়ানো ৮০০ ফেসবুক অ্যাকাউন্ট ও ১০০ এক্স অ্যাকাউন্ট চিহ্নিত

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। এ ছাড়া সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে অপতথ্য ও প্রোপাগান্ডা প্রচার করে এমন ১৯টি ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ও নাম ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপও চিহ্নিত করেছে পিআইবির ফ্যাক্টচেক কার্যক্রম বাংলাফ্যাক্ট। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত সংসদ সদস্য শিরিন সুলতানার লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের পক্ষে ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে চারটা ২০ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্ব সংসদের বৈঠক শুরু হয়।   

মন্ত্রী সংসদকে জানান, গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিমূলক সংবাদ মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন পিআইবির ‘বাংলাফ্যাক্ট’ এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশ করা হয়েছে ৫৫২টি।

তিনি জানান, বর্তমানে বাংলাফ্যাক্ট প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করছে। গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে শিগগিরই ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।

সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে মন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে পিআইবি দেশের ৬৪ জেলায় ৯৭টি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে। এতে ৪ হাজার ৯৫ জন সাংবাদিক অংশ নেন। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ২২টি প্রশিক্ষণ ও কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৭১৬ জন সাংবাদিককে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিন দিনব্যাপী ৪৪টি প্রশিক্ষণে অংশ নিয়েছেন ১ হাজার ৬৯১ জন।

প্রতিটি প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্টচেক বিষয়ে সেশন রাখা হয়েছে। পাশাপাশি গুজব মোকাবিলা, বিদ্বেষমূলক প্রচার বা হেটস্পিচ শনাক্ত করার কৌশল, ফ্যাক্টচেকিং এবং সাংবাদিকতায় এআই ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে বলেও জানান মন্ত্রী।

আন্দালিভ রহমান পার্থ বলেন, পিআইবির অধীনে পরিচালিত ‘ফ্যাক্টচেক ও মিডিয়া অ্যানালাইসিস কার্যক্রমের’ ডিজিটাল প্রকাশনা বাংলাফ্যাক্ট। www.banglafact.com ওয়েবসাইটে ফ্যাক্টচেক, মিডিয়া অ্যানালাইসিস এবং ডিজিটাল লিটারেসি বিষয়ে ভিডিও ও অন্যান্য কনটেন্ট পাওয়া যাচ্ছে।

সাংবাদিকদের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে পিআইবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে দুই বছর মেয়াদি মাস্টার্স এবং এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। এ ছাড়া দূরশিক্ষণ পদ্ধতিতে চারটি বিষয়ে ই-লার্নিং ও শর্ট কোর্সের সুযোগ রয়েছে। গণমাধ্যম ও সাংবাদিকতার গুণগত মানোন্নয়নে তিন মাস মেয়াদি অর্ধশতাধিক শিক্ষামূলক ভিডিও তৈরি করে অনলাইনে বিনামূল্যে শেখার সুযোগ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, সংবাদপত্র ও সাংবাদিকতা বিষয়ে পিআইবির স্বল্প ও দীর্ঘমেয়াদি গবেষণা কার্যক্রম রয়েছে। সম্প্রতি অতিথি গবেষণা কার্যক্রমের আওতায় দীর্ঘমেয়াদি গবেষণার জন্য চারজন গবেষককে গবেষণা বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পিআইবি গ্রন্থাগারে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকার কপি সংরক্ষণ করা হচ্ছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে ১০টি জাতীয় দৈনিক পত্রিকা ডিজিটাইজ করে সংরক্ষণ করা হচ্ছে।

এ ছাড়া সাংবাদিকতা ও গণমাধ্যমবিষয়ক বই ও সাময়িকী প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। গণমাধ্যম ব্যবহার করে ফ্যাসিবাদীরা কীভাবে বিরোধীদের দমন ও চরিত্রহনন করে, তা নিয়ে সম্প্রতি ‘বাংলাদেশে শিকারি সাংবাদিকতা’ এবং ‘শিকারি সাংবাদিকতা: নিশানায় খালেদা জিয়া’ শিরোনামে দুটি গবেষণাগ্রন্থ প্রকাশ করেছে পিআইবি।