সংসদের প্রশ্নোত্তর পর্ব শুরুর পরপরই পয়েন্ট অব অর্ডারে কথা বলতে দাঁড়ান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় তাকে অপেক্ষা করতে বলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘এই আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি?’ প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর তাকে কথা বলার সুযোগ দেওয়ার কথা বলেন স্পিকার। তবে বিষয়টি জরুরি উল্লেখ করে তাৎক্ষণিকভাবে বক্তব্য দেওয়ার অনুরোধ জানান নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ ঘটনা ঘটে।
নাহিদ ইসলাম দাঁড়ালে স্পিকার বলেন, ‘এই আধা ঘণ্টায় অপেক্ষা করার অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আসছি। আপনার বলার সময় হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীও এখানে থাকবেন না।’
জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, সেটা তো জানি। মাননীয় স্পিকার, আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তো আর জবাব আশা করি না। আমরা এই সরকারের কাছ থেকে কোনও জবাব আশা করি না। অন্তত আমাদের কথাগুলো বলতে যদি দেন, তাহলে থাকি। না হলে থাকবো না।’
এরপর স্পিকার তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। নাহিদ ইসলাম বলেন, গতরাতে ১১ দলীয় ঐক্য মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। এতে বাড়ির গবাদিপশু মারা গেছে।
তিনি বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেট্রোল বোমার কোনও আলামত পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন। অথচ তিনি নিজে পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। দুপুর পর্যন্ত সেখানে কোনও ফরেনসিক দল যায়নি বলে জানতে পেরেছেন। ফরেনসিক তদন্ত ছাড়াই ওসি কীভাবে এ ধরনের মন্তব্য করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সারা দেশে নৈরাজ্য ও নাশকতা শুরু হয়েছে। গত পরশু মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে। ৪৮ ঘণ্টা পার হলেও এ ঘটনায় একজনকেও গ্রেফতার করা হয়নি। সারা দেশে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ককটেল বিস্ফোরণ হচ্ছে।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই সেটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না। তাহলে সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না?
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পক্ষে তথ্য-উপাত্ত তুলে ধরেছেন। কিন্তু সংসদ সদস্যসহ জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সরকার তাদের নিরাপত্তা দিতে না পারলে সেটি স্পষ্ট করে জানিয়ে দেওয়া উচিত।’
তিনি বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদের পথ আমাদের দেখতে হবে।’ ফ্যাসিবাদী শক্তির হামলায় তাদের পরিবার আক্রান্ত হলে অন্যদের পরিবারও আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেন তিনি। আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামিতার মনোভাব নিয়েও সুস্পষ্ট জবাব দাবি করেন নাহিদ ইসলাম।
নাহিদের বক্তব্যের পর স্পিকার বলেন, ‘একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ অত্যন্ত গুরুতর ঘটনা।’ বিষয়টি ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।