বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত

‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সংশোধনীর পর দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় (মুলতবি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস এম জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো এবং মোহাম্মদ নাজিবুর রহমান অংশ নেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বৈঠকের কার্যক্রম শুরু হয়। বৈঠকে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিলটি আরও পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করে দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নেয় কমিটি।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।