বিমানে দুর্নীতিতে জড়িতদের তালিকা চাইলো সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ১৭:১৯ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৭:১৯

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৫৩ কোটি ৫০ লাখ টাকার অডিট আপত্তি নিষ্পত্তি, অনিয়মে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণের নির্দেশ দিয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি। একইসঙ্গে লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা চেয়েছে কমিটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন অডিট আপত্তি, উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় অনিয়ম, রিজার্ভেশন ও যাত্রীসেবা ব্যবস্থার দুর্বলতা, রাজস্ব আদায়ে অনিয়ম এবং লোকসানি রুট পরিচালনার বিষয় পর্যালোচনা করা হয়।

বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকা সত্ত্বেও লিজের মেয়াদ শেষে ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে নেওয়ার বিষয়টি বৈঠকে আলোচনায় আসে। পরবর্তী সময়ে উড়োজাহাজ দুটির পরিচালন ব্যয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি অর্থের অপচয়ের বিষয়টিও উঠে আসে। এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা ১৫ দিন থেকে এক মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র‍্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির তথ্যও বৈঠকে তুলে ধরা হয়। অডিটে দেখা গেছে, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অতিরিক্ত অর্থ নেওয়া হলেও তা বিমানের হিসাব ব্যবস্থায় জমা হয়নি। এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি শনাক্তে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় বিমানে পূর্ণাঙ্গ তথ্যপ্রযুক্তি নিরীক্ষা শুরু করেছে। গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য-উপাত্ত নিরীক্ষকদের সরবরাহ করতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়া পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট পরিচালনার ফলে আর্থিক ক্ষতির বিষয়টিও অডিটে উঠে এসেছে। এ বিষয়ে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তসংক্রান্ত নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

যাত্রীসেবা ব্যবস্থা সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবরের সঙ্গে চুক্তি অনুযায়ী কার্যাদেশের পুরোটা সরবরাহ না হলেও সম্পূর্ণ অর্থ পরিশোধের বিষয়টি পর্যালোচনা করেছে কমিটি। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

লিজ নেওয়া দুটি উড়োজাহাজের ব্যয়সংক্রান্ত চুক্তি ও বিলের নথিপত্র নিরীক্ষকদের কাছে উপস্থাপন করতে না পারার বিষয়টিও আলোচনায় আসে। এসব নথি আগামী ১৫ দিনের মধ্যে নিরীক্ষকদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া কোভিডকালীন সময়ে ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত এক মাসের মধ্যে শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অনিয়মে জড়িতদের শনাক্ত করে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত। অডিটের নির্দেশিত ৪৫টি অর্থ আদায়সংক্রান্ত আপত্তির মধ্যে বিমান কর্তৃপক্ষ আটটি আপত্তির বিপরীতে অর্থ আদায়ের দাবি করলেও তার স্বপক্ষে বৈধ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেনি। ফলে অডিট বিভাগ ওই দাবি গ্রহণ করেনি।

এসব আপত্তি নিষ্পত্তি, অনাদায়ী অর্থ উদ্ধার এবং সংশ্লিষ্ট মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতি জানিয়ে সুনির্দিষ্ট সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনাসহ এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি, অনাদায়ী রাজস্ব উদ্ধার এবং অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে বাইরে নেওয়া হয় পেছনের ফটক দিয়ে
৩১ সার ডিলারের ২৮ জন বিএনপির, আছেন ১০ নেতার স্ত্রীও
অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা
সর্বশেষ খবর
যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটিতে আসলেই কি হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান?
যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটিতে আসলেই কি হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান?
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৮ জনের, হাসপাতালে ভর্তি ১৫৯৫
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৮ জনের, হাসপাতালে ভর্তি ১৫৯৫
তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর
তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর
আইপিএলের সূচি পরিবর্তনের প্রস্তাব, কী বললেন জুহি চাওলা
আইপিএলের সূচি পরিবর্তনের প্রস্তাব, কী বললেন জুহি চাওলা
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন