বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটারে বসবে কাঁটাতারের বেড়া

মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডারে কাঁটা তারের বেড়া নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে তিনি এ কথা বলেন। কমিটির সভাপতি জয়নুল আবেদীন বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে সভাপতি জয়নুল আবেদীন মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার বাড়াতে হবে।

জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধু মন্ত্রণালয় বা কোনো একক বাহিনীর কাজ কিংবা দায়িত্ব নয়; বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।

বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। এ ছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুট চিহ্নিত করা এবং মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সমন্বিত নজরদারি, অভিযান এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা অংশ নেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, মন্ত্রণালয়ের আওতাধীন অধিদফতারগুলোর মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।