ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৬, ১৮:৪৮ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৩

২০২৪-২৫ অর্থবছরে সার্কভুক্ত চার দেশ—আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। এর মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি, যার পরিমাণ ৭ হাজার ৮৫৯ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার।

রবিবার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের লিখিত প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলী জানতে চান, সোনামসজিদ স্থলবন্দরসহ দেশের প্রধান স্থলবন্দরগুলোর মাধ্যমে ভারত ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিমুখী বাণিজ্য সম্প্রসারণ এবং রফতানিতে শুল্কবাধা অপসারণে মন্ত্রণালয়ের সাম্প্রতিক কোনো দ্বিপক্ষীয় উদ্যোগ রয়েছে কি না।

জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ভারত ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিমুখী বাণিজ্য সম্প্রসারণ এবং রফতানিতে শুল্কবাধা অপসারণে বাণিজ্য মন্ত্রণালয় নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। অশুল্কবাধা অপসারণ, পণ্যের মান ও পরীক্ষণ সনদের পারস্পরিক স্বীকৃতি, শুল্ক বিভাগগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, সীমান্ত অবকাঠামোর উন্নয়ন, বাণিজ্য সহজীকরণ এবং উদ্ভূত সমস্যার দ্রুত সমাধানে বাণিজ্য সচিব পর্যায়ের সভা ও যৌথ কর্মীগোষ্ঠীর কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, গত ৮ ও ৯ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে বাণিজ্যবিষয়ক যৌথ কর্মীগোষ্ঠীর ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বর ২০২৬-এ বাণিজ্য সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি ১৯৭২ সালে স্বাক্ষরিত হয়। পরে সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে ২০১৫ সালে চুক্তিটি নবায়ন করা হয়। তামাক ও মদজাতীয় ১৫টি পণ্য ছাড়া অন্যান্য পণ্য ভারতের বাজারে প্রবেশের সুবিধা পায়। এ ছাড়া দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা (সাফটা) ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তির (এপিটিএ) সদস্য দেশগুলো শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশ সুবিধা পাচ্ছে।

যে চার দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি

মন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের রফতানি ছিল ১ হাজার ৭৬৪ দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলার। বিপরীতে আমদানি হয়েছে ৯ হাজার ৬২৪ দশমিক ১০ মিলিয়ন ডলারের পণ্য। এতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫৯ দশমিক ৮৭ মিলিয়ন ডলার।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রফতানি ছিল ৭৪ মিলিয়ন ডলার। বিপরীতে আমদানি হয়েছে ৭৫৫ দশমিক ৩০ মিলিয়ন ডলারের পণ্য। এতে বাণিজ্য ঘাটতি ৬৮১ দশমিক ৩০ মিলিয়ন ডলার। আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের রফতানি ১১ দশমিক ০৯ মিলিয়ন ডলার এবং আমদানি ২১ দশমিক ৮০ মিলিয়ন ডলার। দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি ১০ দশমিক ৭১ মিলিয়ন ডলার। ভুটানের সঙ্গে বাংলাদেশের রফতানি ১৪ দশমিক ৩৩ মিলিয়ন ডলার এবং আমদানি ৪৪ দশমিক ১০ মিলিয়ন ডলার। এতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৭ মিলিয়ন ডলার।

তিন দেশের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত

অন্যদিকে, সার্কভুক্ত তিন দেশ নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। নেপালের সঙ্গে বাংলাদেশের রফতানি ৩৫ দশমিক ৪০ মিলিয়ন ডলার এবং আমদানি ৫ দশমিক ৫০ মিলিয়ন ডলার। এতে বাণিজ্য উদ্বৃত্ত ২৯ দশমিক ৯০ মিলিয়ন ডলার। শ্রীলঙ্কার সঙ্গে রফতানি ৮২ দশমিক ৮৫ মিলিয়ন ডলার এবং আমদানি ৭৬ দশমিক ৬০ মিলিয়ন ডলার। দেশটির সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত ৬ দশমিক ২৫ মিলিয়ন ডলার। এ ছাড়া মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের রফতানি ৬ দশমিক ৩৫ মিলিয়ন ডলার এবং আমদানি ৩ দশমিক ৫০ মিলিয়ন ডলার। এতে বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে ২ দশমিক ৮৫ মিলিয়ন ডলার।

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
গত অর্থবছরে ১২৬ মিলিয়ন ডলারের ফল রফতানি করেছে বাংলাদেশ
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সতর্ক অবস্থানে ভারতীয় কোস্ট গার্ড
হাতকড়া ছাড়া জিয়াউল আহসানকে আদালতে নেওয়ায় সংসদে ক্ষোভ, পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস আইনমন্ত্রীর
সর্বশেষ খবর
গত অর্থবছরে ১২৬ মিলিয়ন ডলারের ফল রফতানি করেছে বাংলাদেশ
গত অর্থবছরে ১২৬ মিলিয়ন ডলারের ফল রফতানি করেছে বাংলাদেশ
রাবাদার ৫ উইকেট শিকারের পর হৃদয়ের ফিফটি 
রাবাদার ৫ উইকেট শিকারের পর হৃদয়ের ফিফটি 
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সতর্ক অবস্থানে ভারতীয় কোস্ট গার্ড
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সতর্ক অবস্থানে ভারতীয় কোস্ট গার্ড
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি