কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবি জানাতে গিয়ে সংসদে নিজের বয়সের কথা উল্লেখ করে হতাশা প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। দীর্ঘদিন ধরে কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি জানিয়ে আসছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এ দাবি জানাতে জানাতে বৃদ্ধ হয়ে গেলাম।’ তবে তার বক্তব্যের জবাবে সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রসিকতা করে বলেন, ‘আপনাকে তো বৃদ্ধ মনে হচ্ছে না, নওজোয়ান মনে হচ্ছে।’
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবি জানিয়ে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
সংসদ সদস্য বলেন, ‘কুমিল্লার দীর্ঘদিনের ঐতিহাসিক ও শিক্ষাগত ঐতিহ্য রয়েছে। কুমিল্লা মহানগরী হলেও এখন পর্যন্ত মেট্রোপলিটন নগরীর আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি। দুটি পৌরসভা একীভূত করে মহানগরী করা হলেও অবকাঠামো ও নাগরিক সেবার ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। বরং এসব সেবার অনেক কিছুই উপজেলা থেকে পরিচালিত হচ্ছে।’ তিনি এটিকে কুমিল্লার মানুষের প্রতি অবিচার ও বঞ্চনা বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী করার দাবিতে ১২ জন সংসদ সদস্য একত্র হয়ে সরকারকে চিঠি দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিকার পাওয়া যায়নি।’
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘এক মাসের মধ্যে কক্সবাজারে পৌরসভা করা হয়েছে। আশা করি, এক বছরের মধ্যে কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী ও বিভাগ ঘোষণা করা হবে।’
সংসদ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী এখানে নেই। তিনি জানেন, আমাদের বিব্রত হওয়ার অবস্থাটা। এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম। কোনও কিছু করতে পারিনি। আশায় আশায় বেঁচে আছি। আশা করি, কুমিল্লার প্রতি সুবিচার করবেন।’
মনিরুল হক চৌধুরী বলেন, ‘কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি দীর্ঘদিনের। এই দাবির পরও দেশে আরও অনেক বিভাগ হয়েছে।’ আরও অনেক বিষয় তুলে ধরার থাকলেও তিনি শুধু কুমিল্লার মানুষের সম্মান রক্ষার আহ্বান জানাচ্ছেন বলেও উল্লেখ করেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘বৃদ্ধ বয়সে এমপি হয়েছি, বসে গেলাম।’
এর জবাবে স্পিকার বলেন, কোথায় বৃদ্ধ! আপনাকে তো নওজোয়ান মনে হচ্ছে।