চলতি ২০২৬ সালে বিশ্বের ১১৫টি দেশে কর্মসংস্থানের জন্য গেছেন বাংলাদেশি কর্মীরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ (ওইপি)-এর তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাজেদা সামাদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
প্রশ্নে বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের শ্রমবাজার খোলা রয়েছে এবং দেশগুলোর নাম জানতে চাওয়া হয়। জবাবে মন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের দ্রুত প্রেরণ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস এবং অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ওইপি চালু করা হয়েছে। এই প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বের ১১৫টি দেশে বাংলাদেশি কর্মীরা বৈদেশিক কর্মসংস্থানের জন্য গেছেন।
নতুন শ্রমবাজার খুঁজতে বিদেশে লবিস্ট নিয়োগের উদ্যোগ
এদিকে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নতুন দেশের শ্রমবাজার খুঁজে বের করতে বিদেশে স্থানীয় লবিস্ট বা পরামর্শক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ কর্মী তৈরি এবং বিদেশগামীদের ভাষাগত দক্ষতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।
জাতীয় সংসদে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বিদেশে কর্মী প্রেরণ একটি চলমান প্রক্রিয়া। এ খাতের গুরুত্ব বিবেচনায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ২০২৬-৩০ মেয়াদের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে। শিক্ষিত ও দক্ষ বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব কমানো এ পরিকল্পনার অন্যতম লক্ষ্য।
মন্ত্রী জানান, সৌদি আরব, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, পর্তুগাল, সিসেলস, সার্বিয়া, ফিজি, রোমানিয়া, মেসিডোনিয়া, মরিশাস ও ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হচ্ছে। বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ক্ষেত্রে দেশভিত্তিক স্থানীয় লবিস্ট বা পরামর্শক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার জন্য সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, গত ৮ থেকে ১১ এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মন্ত্রী দেশটি সফর করেন। দেশটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে কর্মী পাঠানোর বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীও মালয়েশিয়া সফর করেছেন। এরপর জুলাইয়ের শেষ দিকে মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মন্ত্রী আবার দেশটি সফর করেন। শিগগিরই সেখানে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কাতারের শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে মন্ত্রী জানান, গত ১৮ মে ঢাকায় বাংলাদেশ ও কাতারের সপ্তম যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং ট্রেডে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেন।
এ ছাড়া জাপানে টেকনিক্যাল ইন্টার্ন পাঠানোর ক্ষেত্রে আন্তর্জাতিক ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইএম-জাপান)-এর সহযোগিতায় বিনা খরচে কর্মী পাঠানো হচ্ছে। জাপানের আরও সাতটি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনাই, জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান ও হংকসহ বিভিন্ন দেশে স্বল্প খরচে বা বিনা খরচে কর্মী পাঠানো হচ্ছে।
মন্ত্রী আরও জানান, নতুন নতুন দেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ), সহযোগিতা স্মারক (এমওসি) ও চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে কর্মী পাঠানোর সুযোগ বাড়াতে এক লাখ চালক তৈরির লক্ষ্যে ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্পের কাজ চলছে।
দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়াতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) আওতায় ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (ডিটিটিআই) ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিলস সেন্টারের কার্যক্রম চালু হয়েছে। সেখানে জাপানি, কোরীয়, ইংরেজি, চীনা, আরবি, ইতালীয় ও জার্মান ভাষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।