নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ৩১ অক্টোবর পর্যন্ত পাঁচ হাজার ৪৪৫টি বাজার তদারকির মাধ্যমে সাত হাজার ৫০৭টি প্রতিষ্ঠানকে ৭ কোটি ১৪ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। বাজারে কৃত্রিম সংকট, অবৈধ মজুতদারি, অতিরিক্ত মূল্য আদায় ও অসাধু ব্যবসায়িক কার্যক্রম প্রতিরোধে এসব অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করছে।

কৃত্রিম সংকট, অবৈধ মজুতদারি, অতিরিক্ত মূল্য আদায় ও অসাধু ব্যবসায়িক কার্যক্রম প্রতিরোধে নেওয়া পদক্ষেপের মধ্যে রয়েছে দেশব্যাপী নিয়মিত বাজার অভিযান, অপরাধীদের জরিমানা এবং জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে বাজার, গুদাম ও হিমাগার তদারকি।

এ ছাড়া সিন্ডিকেট ও অবৈধ মজুতদারদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের অভিযোগ গ্রহণ ও দ্রুত প্রতিকারের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

মন্ত্রী বলেন, এসব সমন্বিত উদ্যোগের ফলে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। অসাধু ব্যবসায়ী ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

খাদ্য মজুত বাড়াতে নতুন গুদাম নির্মাণের উদ্যোগ

পরে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর এক প্রশ্নের জবাব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি জানান, দেশের খাদ্য নিরাপত্তা সুদৃঢ় করা, সরকারি খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত বজায় রাখা এবং নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্যপণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে অভ্যন্তরীণ সংগ্রহ ও আমদানির পাশাপাশি নতুন গুদাম নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি করা হচ্ছে।

মন্ত্রী জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণভাবে খাদ্যশস্য সংগ্রহ এবং আমদানির মাধ্যমে চাল ও গম সংগ্রহ করা হচ্ছে। সরকারি খাদ্যগুদামের ধারণক্ষমতা বাড়াতে নতুন গুদাম নির্মাণ এবং পুরোনো গুদাম মেরামতের কার্যক্রমও নেওয়া হয়েছে।

নিম্ন আয়ের মানুষের জন্য ওএমএস কার্যক্রমের আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে চাল এবং ২৪ টাকা দরে খোলা আটা বিক্রি করা হচ্ছে।

এ ছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলার প্রায় ৫৫ লাখ কার্ডধারী পরিবারকে বছরে ছয় মাস প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এ চালের প্রতি কেজির মূল্য ১৫ টাকা।