বিদেশগামী কর্মীদের প্রতারণা, অবৈধ দালালদের দৌরাত্ম্য ও অতিরিক্ত অভিবাসন ব্যয় আদায় ঠেকাতে বিভিন্ন আইন ও বিধিমালা প্রণয়ন করেছে সরকার। এসব আইন ও বিধিমালায় অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। অবৈধ দালাল ও প্রতারকদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।
প্রশ্নে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের নির্যাতন, বেতন না দেওয়া, প্রতারণা, অবৈধভাবে আটকে রাখা এবং দেশে প্রত্যাবর্তনে বাধা দেওয়ার ঘটনা প্রতিরোধে সরকারের পদক্ষেপ জানতে চাওয়া হয়। একইসঙ্গে বিদেশগমনেচ্ছু নারী ও পুরুষ কর্মীদের ভুয়া ভিসা, অবৈধ দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সির প্রতারণা এবং অতিরিক্ত অভিবাসন ব্যয় আদায় রোধে আইনগত ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত কর্মীদের ক্ষতিপূরণ নিশ্চিত করার পরিকল্পনা জানতে চান তিনি।
জবাবে মন্ত্রী বলেন, বিদেশগমনেচ্ছু মানুষের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে বিদেশগামী কর্মীদের দ্রুত প্রেরণ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ (ওইপি) চালু করা হয়েছে।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মীদের ভর্তি, প্রশিক্ষণ কার্যক্রমের মনিটরিং ও সনদায়ন, বিদেশে অবস্থিত শ্রম কল্যাণ উইং থেকে ডিমান্ড লেটার ও ভিসা সত্যায়ন এবং বিদেশগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র দেওয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে অভিবাসন প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে দালালদের দৌরাত্ম্য কমেছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, কর্মী প্রেরণ প্রক্রিয়ায় জড়িত মধ্যস্বত্বভোগীদের আইনি কাঠামোর আওতায় আনা হয়েছে। এ লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ সংশোধন, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ) বিধিমালা, ২০২৫ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৭ সংশোধন করা হয়েছে।
অবৈধ দালাল ও প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ৩২, ৩৩(ক) ও ৩৫ ধারার আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
নিরাপদ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তৃণমূল পর্যায়ে সভা, সেমিনার ও উঠান বৈঠকের আয়োজন করা হচ্ছে। বিদেশ যাওয়ার আগে করণীয়, ভিসা যাচাই, প্রশিক্ষণ এবং নিরাপদ অভিবাসন বিষয়ে এসব কার্যক্রমে তথ্য দেওয়া হচ্ছে। এ ছাড়া বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে দেশের পাঁচটি জেলায় প্রাক্-সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন (পিডিএমও) কর্মসূচি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
জেলা পর্যায়ের অফিসগুলোর মাধ্যমে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করা হচ্ছে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিরাপদ অভিবাসন এবং দালালের প্রতারণা থেকে সতর্ক থাকার বিষয়ে নাটিকা ও বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। বিদেশগামী কর্মীদের জন্য তিন দিনের বাধ্যতামূলক প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) চালু রয়েছে।
মন্ত্রী আরও জানান, প্রতারণা বা দালালের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য ওইপিতে অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা কার্যক্রম চালুর প্রক্রিয়া চলছে। পাশাপাশি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে মাঠপর্যায়ে দালালদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা চালু করা হয়েছে।